তিন এতিমখানায় পৌঁছাল ঈদের আনন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগ

ঈদকে সামনে রেখে চট্টগ্রামের তিনটি এতিমখানার প্রায় শতাধিক অনাথ শিশুর হাতে তুলে দেওয়া হয়েছে নতুন ঈদপোশাক ও ইফতার সামগ্রী।

তিন এতিমখানায় পৌঁছাল ঈদের আনন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগ 1

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত ডিইউসিসি কো-অপারেটিভ চট্টগ্রামের উদ্যোগে শনিবার (১৪ মার্চ) এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে।

সংগঠনটির সদস্যরা জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও এতিম শিশুদের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে তারা এ উদ্যোগ নেন। প্রায় ১০০ জন অনাথ শিশুর জন্য ঈদপোশাক ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এই কর্মসূচির আওতায় চট্টগ্রাম নগরের বাকলিয়ার ইসলামিয়া তাহফিজুল কুরআন মাদরাসা হেফজ ও এতিমখানা, পূর্ব কুলগাঁও খন্দকিয়া বাজারের হাজী নাজমা জাহানারা আনোয়ারা হেফজখানা ও এতিমখানা এবং জঙ্গল ছলিমপুর জাফরাবাদের জামেউল উলুম নঈমীয়া আশরাফীয়া সুন্নিয়া মাদরাসা হেফজ ও এতিমখানায় সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

ঈদপোশাক ও ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ডিইউসিসি কো-অপারেটিভের সদস্য রাগিব জিকু, সাইফুল হোসাইন ও মাসুদুল ইসলামসহ অন্যরা।

উদ্যোক্তারা জানান, যেসব এতিমখানার শিশুরা ঈদের দিনে বাড়ি যেতে পারে না, এমন অন্তত তিনটি প্রতিষ্ঠানে ঈদের দিন উন্নত খাবারের ব্যবস্থাও করা হবে।

ksrm