চট্টগ্রামে ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য বিশেষায়িত ও মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) পার্কভিউ হসপিটাল লিমিটেডের বোর্ড রুমে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ডেলমাস অ্যাপারেলসের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সমঝোতা স্মারকের আওতায় ডেলমাস অ্যাপারেলসের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যরা পার্কভিউ হসপিটাল থেকে বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে ডেলমাস অ্যাপারেলসের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর শাফিউল আলম, ম্যানেজার (অ্যাকাউন্টস) রেজা মো. নিজামউদ্দিন, ম্যানেজার (এইচআর) মো. জসিম উদ্দিন চৌধুরী, ম্যানেজার (ডিডিএম) মো. দিদারুল আলম, সিনিয়র অফিসার (অ্যাকাউন্টস) ওমর মুন্না, অফিসার (এইচআর ও কমপ্লায়েন্স) মাহমুদা আকতারসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
পার্কভিউ হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) তালুকদার জিয়াউর রহমান শরীফ, ম্যানেজার (মার্কেটিং ও ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ (এইচআর) হাবিবুল ইসলাম এবং কর্পোরেট অফিসার হেলাল পারভেজসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে পার্কভিউ হসপিটাল ও ডেলমাস অ্যাপারেলসের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে ডেলমাস অ্যাপারেলসের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যরা সহজে এবং বিশেষ সুবিধায় পার্কভিউ হসপিটালের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
বক্তারা আরও বলেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এ ধরনের প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, এ সমঝোতার মাধ্যমে ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও জনবান্ধব করার ক্ষেত্রে এ উদ্যোগ নতুন সম্ভাবনা তৈরি করবে।




