ডবলমুরিংয়ে পুকুরে ভেসে ওঠা মরদেহের পরিচয় মিলেছে

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকার দামুয়া পুকুরে ভেসে ওঠা অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে।

নিহত ব্যক্তির নাম সেলিম (৫০), তিনি মৃত সুরুজ মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার নবীয়াবাদ মেম্বার বাড়িতে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম নগরীতে ভ্যান চালাতেন এবং নগরীতে সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকার ১ নম্বর গলিতে বসবাস করতেন।

সোমবার (২৮ এপ্রিল) রাত আড়াইটার দিকে দামুয়া পুকুরে মরদেহটি ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ জানান, মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

নিহতের পরিবার জানিয়েছে, সেলিম পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন এবং চলাফেরায় অক্ষমতা ছিল। গোসল করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি আর উঠতে পারেননি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেজে/ডিজে

ksrm