ঠিক সময়ে অফিসে আসেন না হাটহাজারীর কৃষি কর্মকর্তারা

নির্দিষ্ট সময়ে অফিস আসেন না চট্টগ্রামের এক উপজেলার কৃষি কর্মকর্তা। শুধু তাই নয়, তিনি ছাড়াও অফিসের অন্যান্য কর্মকর্তারাও অফিসে আসেন আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা দেরীতে। এতে করে ভোগান্তি পোহাতে হচ্ছে সেবাপ্রার্থীদের। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অবহিত হলেও তিনি সভা আহ্বান করে সচেতন করবেন বলে জানান।

রোববার (২৬ এপ্রিল) হাটহাজারী উপজেলা কৃষি অফিসের সকালের চিত্র এটি। অভিযোগ রয়েছে, অফিসের বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী সকাল ৯টার মধ্যে কর্মক্ষেত্রে উপস্থিত হচ্ছেন না।

সরেজমিন গিয়ে দেখা গেছে, রোববার সকাল ৯টায় কর্মঘণ্টা শুরু হলেও ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিস কক্ষে উপস্থিত হননি হাটহাজারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন। এছাড়া ওই সময়ে নির্ধারিত সময়ে অফিস কক্ষে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের দেখা মেলেনি।

নাম প্রকাশ না করার শর্তে অফিসের এক কর্মচারী জানান, অধিকাংশ দিন বেশিরভাগ কর্মকর্তা দেরি করে আসেন। বিশেষ করে জরুরি সভা না থাকলে কর্মকর্তারা সাড়ে ৯টার পর, কেউ আবার ১০টায়ও অফিসে আসেন।

দেরিতে অফিসে আসার বিষয়টি স্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, পারিবারিক অসুবিধার জন্য আজ (রোববার) অফিসে আসতে দেরি হয়েছে।

বিষয়টি তিনি তার ঊর্ধ্বতন কর্তাকে জানিয়েছেন কিনা, জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, উপজেলা কৃষি কর্মকর্তা বিলম্বে অফিসে আসার বিষয়টি তিনি অবহিত হয়েছেন। তাই আজ (সোমবার) উপজেলা সকল কর্মকর্তাদের নিয়ে একটি সভা আহ্বান করা হয়েছে। সভায় বিষয়টির ব্যাপারে সকল কর্মকর্তাকে সচেতন করা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক মো. ওমর ফারুকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, যদি এই বিষয়টি ওই কর্মকর্তার অভ্যাসগত বিষয় হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সিএম/ডিজে

ksrm