ট্রেনের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু, খবর শুনে না ফেরার দেশে ছোট ভাইও

প্রতিদিনের মতোই পরিবারের জন্য প্রয়োজনীয় কেনাকাটা শেষে বাড়ির দিকে ফিরছিলেন শাহাব উদ্দিন। কিন্তু পথে ট্রেনের ধাক্কায় মারা যান তিনি। আর বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আপন ছোট ভাই।

বুধবার (১০ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরীর রহমাননগর এলাকার নাসিরাবাদ ও দুই নম্বর গেট এলাকায়।

মৃত দুই ভাই হলেন—বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাহাব উদ্দিন (৭৭) ও তার ছোট ভাই মোহাম্মদ পেয়ারু (৬৬)। তারা দুজন মৃত ছাবের আহমদের ছেলে। মোহাম্মদ শাহাব উদ্দিন ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ছিলেন। তিনি বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবির বড় ভাই।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় নগরীর ২ নম্বর গেট এলাকায় পরিবারের জন্য প্রয়োজনীয় কেনাকাটা শেষে বাসায় ফিরছিলেন শাহাব উদ্দিন। ফেরার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড় ভাই শাহাব উদ্দিনের মৃত্যুর খবর পরিবারের সদস্যদের কাছে পৌঁছানোর পর অসুস্থ মোহাম্মদ পেয়ারু মানসিক আঘাত পান। একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে নাসিরাবাদে নিজ বাসভবনে মারা যান। কয়েক ঘণ্টা ব্যবধানে দুই সহোদরের মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ইউনুস জানান, নগরীতে ট্রেন দুর্ঘটনায় এক ভাইয়ের মৃত্যুর পর ভাইয়ের শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে ছোট ভাইয়েরও মৃত্যু হয়েছে।

টিএ/ডিজে

ksrm