কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে রাস্তা পার হতে গিয়ে কচুভর্তি দ্রুতগতির ট্রাকের চাপায় মৃত্যু হয়েছে সাত বছরের এক শিশুর। এ সময় সঙ্গে থাকা মা ছেলের মরদেহ বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।
নিহত শিশুর নাম আবদুল্লাহ (৭)। সে স্থানীয় মমতাজুল উলুম আলিম মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে উপজেলার শাহ ফকির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের মো. লোকমানের ছেলে।
পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময় কক্সবাজারগামী কচুভর্তি একটি দ্রুতগতির ট্রাক শিশুটিকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা শিশুটির মা ছেলের মরদেহ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আবদুল্লাহকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, দুর্ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে ট্রাকটি জব্দ করা হয় এবং চালক জান্নাতুল নাঈমকে আটক করা হয়। তিনি মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।
এএইচ/ডিজে




