টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল জেলের পা

কক্সবাজারের টেকনাফ সীমান্তের শাহজাহানের দ্বীপ এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হানিফ নামের এক জেলের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (১২ জানুয়ারি) সকালে উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত জেলে হানিফ স্থানীয়ভাবে মাছ ধরার কাজে জড়িত ছিলেন বলে জানান স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্য দখলকে কেন্দ্র করে সশস্ত্র সংগঠন আরকান আর্মির (এএ) সঙ্গে কয়েকটি রোহিঙ্গা বিদ্রোহী সংগঠনের সদস্যদের মধ্যে টানা সংঘর্ষ চলছিল। সংঘর্ষের জেরে সীমান্ত এলাকায় পুঁতে রাখা মাইন থেকেই এই বিস্ফোরণ ঘটতে পারে।

বিস্ফোরণের পর স্থানীয়রা গুরুতর আহত হানিফকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ ব্যাপারে হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল বলেন, সকালে মাইন বিস্ফোরণে এক জেলে আহত হয়েছেন বলে শুনেছি। এ ঘটনার জেরে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক গাড়ি চলাচল বন্ধ ছিল। ঘন্টাখানেক পর গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র দে বলেন, মাইন বিস্ফোরণে এক জেলে আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ডিজে

ksrm