কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, অপহরণ ও মানবপাচারকে কেন্দ্র করে হত্যার এ ঘটনা ঘটতে পারে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড় উত্তর শীলখালী এলাকার দুর্গম পাহাড় থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
নিহতরা হলেন—মুজিবুর রহমান (৩৮), নুর বশর (২০) ও রবিউল আউয়াল (১৯)। তারা বাহারছড়া শীলখালী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানা গেছে, তিনজনের বিরুদ্ধেই মানবপাচার ও অপহরণে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পাহাড়ের ওই এলাকা তাদের আস্তানা হিসেবে ব্যবহার করা হতো। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে তাদের ওই এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। এরপর স্থানীয় বাসিন্দাদের সহায়তা নিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণ ও মানব পাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিহত তিনজনই অপহরণ ও মানব পাচারের সঙ্গে সম্পৃক্ত। তবে এসব তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
টিএ/ডিজে




