টানা বৃষ্টিতে আবারও ডুবলো চট্টগ্রাম, রিয়াজউদ্দিন বাজারে কোটি টাকার ক্ষতি

চট্টগ্রামে টানা বৃষ্টিতে আবারও ডুবেছে নগরী। এর মধ্যে হঠাৎ এমন বৃষ্টিতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে রিয়াজউদ্দিন বাজারে। রোববার রাত ৯টা থেকে সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর এতেই নগরীর নিম্নাঞ্চলে জলজট তৈরি হয়। চকবাজার, মুরাদপুরসহ জামালখান, তামাকুমণ্ডি লেনেও বিভিন্ন অলিগলিতে পানি জমে যায়। বৃষ্টির সঙ্গে জোয়ার থাকায় পানি বেশিক্ষণ স্থায়ী হয়। আর এতে বাজারের বিভিন্ন দোকান ও গুদামে পানি ঢুকে মালামাল নষ্ট হয়ে যায়।

টানা বৃষ্টিতে আবারও ডুবলো চট্টগ্রাম, রিয়াজউদ্দিন বাজারে কোটি টাকার ক্ষতি 1

তবে পতেঙ্গা আবহাওয়া অফিস থেকে জানা গেছে, সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা জানান, পানিতে মালামাল নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে প্রায় কোটি টাকার পণ্য নষ্ট হয়েছে তাদের। রাতে অনেকে মালামাল সরিয়ে নিলেও জোয়ার থাকায় পানি নামতে পারেনি। তাই অনেক দোকান ও গুদামে পানি ঢুকে যায়। নিচতলার দোকানগুলো সব পণ্য সরাতে পারেনি। বিশেষ করে জুতা, কাপড়, জুতা, প্রসাধনী, ইলেকট্রনিক সামগ্রীসহ বিভিন্ন পণ্য পানিতে নষ্ট হয়ে যায়।

ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিবার ভারী বৃষ্টি হলেই রিয়াজউদ্দিন বাজারে জলাবদ্ধতার সৃষ্টি হয় আর ব্যবসায়ীদের পণ্য নষ্ট হয়। বাজারের পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেই। নালা-নর্দমাগুলো ময়লায় ঠাসা।

রিয়াজউদ্দিন বাজারের পানি ওঠার পর অনেকে ফেসবুকে এসে ক্ষোভ জানিয়েছেন। সাইফুল আলম জনি নামে এক ব্যক্তি জলাবদ্ধতার ভিডিও দিয়ে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির কথা জানান। আশফাক হোসেন চৌধুরী নামে এক ব্যক্তি ভিডিও পোস্ট করে লেখেন, রিয়াজউদ্দিন বাজার ইতিহাসে সর্বোচ্চ পানি, কোটি টাকার ক্ষয়ক্ষতি, এর দায়ভার কে নিবে???

সোমবার সকালে পানি নেমে গেলে ব্যবসায়ীরা তাদের দোকান খুলে নষ্ট হওয়া পণ্য বের করে রাখেন। আবার অনেকে ক্যাশবক্সেও পানি ঢুকে যাওয়ায় ভেজা টাকার বাণ্ডিল বের করে শুকাতে দেন।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের প্রভাব ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে চট্টগ্রামে আরও দুই থেকে তিনদিন বৃষ্টিপাত হতে পারে।

ডিজে

ksrm