টানা পার্টির মূলহোতাসহ ৬ ছিনতাইকারী গ্রেপ্তার খুলশীতে

0

চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গা থেকে টানা পার্টির মূলহোতাসহ মোট ৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। তাদের কাছ থেকে একটি দেশি এলজি, দুই রাউন্ড কার্তুজ, ৪২ পিস ইয়াবা, তিনটি ছুরি, একটি বড় কিরিচ উদ্ধারসহ ছিনতাইকাজে ব্যবহৃত ২৫ ধরনের সরঞ্জাম জব্দ করা হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে নগরের পাঁচলাইশ, খুলশী, বায়েজিদসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সাদ্দাম হোসেন (২৮), তার পিতার নাম নুরুল আলম। অভিযানে তার কাছ থেকে ৪২ পিস ইয়াবা পাওয়া যায়। মো. তানভির (১৮), তিনি খুলশী থানার বেবি সুপার মার্কেট এলাকার ইউসুফ কলোনির আলী আকবরের পুত্র। মো. হৃদয় (১৮), একই এলাকার আকরামের পুত্র। মোহাম্মদ বেলাল (১৮), তিনি বায়েজিদ থানার চন্দননগর এলাকার মৃত হাসেম হোসেনের পুত্র। মোহাম্মদ সালাউদ্দিন (১৭), পাঁচলাইশ থানার ষোলশহর রেল স্টেশন মসজিদ কলোনির রবিউল হোসেনের পুত্র। মো. সুরত আলম (৩৫), তিনি একই এলাকার মৃত ইসাক মিয়ার পুত্র।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ওসি প্রণব কুমার চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন,‘চট্টগ্রামে বিভিন্ন সময়ে ছিনতাইকারী দলের মূলহোতা অভিযুক্ত মো. সাদ্দাম হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুসারে আরও ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত দেশি এলজি, দুই রাউন্ড কার্তুজ, তিনটি ছুরি, একটি বড় কিরিচ উদ্ধার করা হয়।’

ওসি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খুলশী থানায় একটি ও পাঁচলাইশ থানায় দুটিসহ মোট ৩টি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো। এ ঘটনায় বাকি ছিনতাইকারীদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান তিনি।’

এএম/এসএস

ksrm