স্বামী-স্ত্রীর ঝগড়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন স্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় স্বামীকে পায় পুলিশ। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে ৫৪টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
সোমবার (১৭ আগস্ট) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শাহ আলম (৩৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই উপজেলার পূর্ব হাজারবিঘা এলাকার ফেরদৌস আহমদের ছেলে।
পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে শাহ আলমের সঙ্গে তার স্ত্রী জান্নাত আরা বেগমের ঝগড়া ও হাতাহাতি হয়। একপর্যায়ে জান্নাত আরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান।
খবর পেয়ে পুলিশ ওই বাসায় গিয়ে একটি কক্ষে শাহ আলমকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে ৫৪টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ওসি (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতেই শাহ আলমের কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় জাল নোটগুলো উদ্ধার করা হয়।
তিনি জানান, শাহ আলমের বিরুদ্ধে এর আগে জাল টাকা সংক্রান্ত দুটি মামলা রয়েছে। ওই দুই মামলায় তিনি বর্তমানে জামিনে আছেন। তার স্ত্রী অভিযোগ করেছেন, শাহ আলম তাকেও জাল টাকা তৈরির ব্যবসায় যুক্ত হওয়ার জন্য চাপ দিচ্ছিলেন।
তিনি আরও জানান, জাল নোটের কারবারে শাহ আলমের সঙ্গে আরও কেউ জড়িত কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এটি/ডিজে




