চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল দেখতে সকালে সেখানে ছুটে যান জেলা প্রশাসক ইলিয়াস হোসেন। এরপর অগ্নিদগ্ধদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) বার্ণ ইউনিটেও যান তিনি।
সোমবার (৯ নভেম্বর) সকালে তিনি তাদের চিকিৎসার খোঁজ নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা সজিব কুমার চক্রবর্তী, সহকারী কমিশনার (ভূমি) কাট্টলী সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটে মো. বদিউল আলমের নেতৃত্ব পাঁচ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়।
প্রসঙ্গত, রোববার (৮ নভেম্বর) রাতে আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় মুরাদ চৌধুরীর মালিকানাধীন মরিয়ম ভিলার ছয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৭ জনসহ মোট নয় জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে সোমবার বেলা ১২টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
সিএম/এমএফও




