জাল কাগজে ঋণ নিয়ে ১৭ লাখ ৫৪ হাজার ২২৫ টাকা আত্মসাতের দায়ে সন্দ্বীপের এক সমবায় নেতাকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর দুর্নীতি দমন ব্যুরো (বর্তমান দুদক) কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় ‘বিশেষ জজ’ মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন দুদক চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর মো. এনামুল ইসলাম। তিনি জানান, আদালত দণ্ডবিধির ৪২০ ধারায় এক বছর, ৪৬৭ ধারায় এক বছর, ৪৬৮ ধারায় দুই বছর এবং ৪৭১ ধারায় এক বছর—মোট পাঁচ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া মো. ছাত্তারকে ১৭ লাখ ৫৪ হাজার ২২৫ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার নথি অনুযায়ী, ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর দুর্নীতি দমন ব্যুরো চট্টগ্রামের পরিদর্শক মবিনুল ইসলাম কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, আসামি জাল কাগজপত্র দাখিল করে ইয়ানমার ইঞ্জিনসংবলিত একটি ফিশিং বোট, সরঞ্জামাদি ও নগদ অর্থসহ মোট ১৭ লাখ ৫৪ হাজার ২২৫ টাকার ঋণ নেন।
পরে তিনি মাত্র ৫৩ হাজার টাকা পরিশোধ করে অবশিষ্ট ১৭ লাখ ১ হাজার ২২৫ টাকা আত্মসাৎ করেন।
মামলাটি তদন্ত শেষে দুদকের উপপরিচালক মো. শহিদুল আলম সরকার অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১০ এপ্রিল অভিযোগ গঠন করা হয় এবং বিচারকালে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
এএইচ/ডিজে




