জার্নালিজম ফুটবল কার্নিভালের শিরোপা উঠল এলিট গ্ল্যাডিয়েটরসের হাতে। চট্টগ্রামের বেসরকারি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এ কার্নিভালে ফাইনালে ট্রাইমেস্টার টাইটান্সকে টাইব্রেকারে ২–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এলিট গ্ল্যাডিয়েটরস।

চার দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ফুটবল কার্নিভালটি শিক্ষার্থীদের মাঝে বাড়তি উৎসাহ ও আনন্দ যোগ করে।
শনিবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডি বিল্ডিং-সংলগ্ন মাঠে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন মানবিক, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী। মাঠজুড়ে চলে টানটান ফুটবল লড়াই। খেলার পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য পিলো পাসিং ও মিউজিক্যাল চেয়ারের মতো বিনোদনমূলক আয়োজনও ছিল।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ফোরামের কোঅর্ডিনেটর আতিকুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আশরাফুল ইসলাম।
ফুটবল কার্নিভালের চ্যাম্পিয়ন এলিট গ্ল্যাডিয়েটরস দলের হাতে ট্রফি তুলে দেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান দিলরুবা আক্তার। রানার্সআপ ট্রাইমেস্টার টাইটান্স দলের হাতে ট্রফি তুলে দেন বিভাগের সিনিয়র লেকচারার ও স্পোর্টস ফোরামের কোঅর্ডিনেটর প্রশান্ত কুমার শীল।
অনুষ্ঠানে বিভাগের লেকচারার তাসলিমা আক্তার ইরিন, পিংকি চাকমা ও শাহরীন জাওয়াহা রিফাত উপস্থিত ছিলেন। আয়োজনের অর্গানাইজিং টিমের আহ্বায়ক ছিলেন ২৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম তামিম এবং সহ-আহ্বায়ক ছিলেন ৩০ ব্যাচের শিক্ষার্থী সৌরভ মজুমদার।
কার্নিভালে সেরা গোলদাতা নির্বাচিত হন ট্রাইমেস্টার টাইটান্সের আজিজুর রহমান আজিজ। সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান এলিট গ্ল্যাডিয়েটরসের প্রশান্ত চাকমা। আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিল ঝিণুক রেস্টুরেন্ট। পাশাপাশি পৃষ্ঠপোষকতা করে অ্যাসপায়ারিং গ্লোবাল অ্যালায়েন্স, অটোজোন চিটাগং ও ও-টাইলার। অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে উৎসবের আবহ তৈরি হয়।




