রাজধানীর গুলশান-২–এ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাসায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়। বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর ব্যক্তিগত সহকারী। পরে তিনি সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেন।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও আনিসুজ্জামান চৌধুরী রনি দুজনই গত দুই বছর ধরে পলাতক। বিভিন্ন সূত্রে জানা গেছে, তাঁরা যুক্তরাজ্য ও দুবাইয়ে অবস্থান করছেন।
অপহরণ ও মুক্তিপণের মামলা
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী মুরাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অপহরণ, মুক্তিপণ আদায় এবং নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
২০২৪ সালের অক্টোবরে চট্টগ্রামের আনোয়ারা থানায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলায় বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে অন্যতম আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, সাবেক মন্ত্রীর নির্দেশনায় আসামিরা এক ব্যক্তিকে তুলে নিয়ে যান। পরে তাঁকে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন করা হয় এবং ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়।
নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের মামলাতেও আসামি
২০২৫ সালের অক্টোবর মাসে আনোয়ারা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল অনুষ্ঠিত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ১৩৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলায়ও বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে আসামি করা হয়েছে।
মামলাটিতে চট্টগ্রামের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক অর্থ-প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানকেও আসামি করা হয়।
সিপি




