জমি নিয়ে দুই পরিবারের বিরোধের জেরে প্রাণ গেল ৩ বছরের এক শিশুর। মাথায় তুলে আছাড় মেরে হত্যা করা হয় নুর আব্দুল্লাহ নামের ওই শিশুকে।
বুধবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনার পাড়া গ্রামে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
নিহত শিশু নূর আবদুল্লাহ, ওই গ্রামের নুরুল আলম রাসেলের ছেলে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী দ্বীন ইসলামের সঙ্গে জমি নিয়ে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ, যা আদালতে বিচারাধীন রয়েছে। ওই জায়গায় ঘর নির্মাণের বিষয়ে নিষেধাজ্ঞা দেন আদালত।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আদালতের নিষেধাজ্ঞা থাকলেও বেলা ১১টার দিকে দ্বীন ইসলাম ও তার ভাই আরিফুল ইসলাম ঘর নির্মাণের কাজ শুরু করেন।এরপর নিহতের মা এ ঘর নির্মাণে বাধা দেন। এসব নিয়ে তার মায়ের সঙ্গে দ্বীন ইসলামদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দ্বীন ইসলাম শিশু আবদুল্লাহকে আছাড় মারেন। এরপর আবদুল্লাহকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি কাজী নাজমুল হক বলেন, জমির বিরোধে শিশু আবদুল্লাহ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এএএম/ডিজে




