আদালতে মামলার বাদির অনাপত্তি দেওয়ার পর দুই মামলায় জামিন পেয়েছেন কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক ফারহান সাদিকের আদালতে শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট ফয়জুল কবির।
মামলা সূত্রে জানা গেছে, সাবেক মেয়র আলমগীর চৌধুরীর বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলায় বাদি নিজে আদালতে হাজির হয়ে জবানবন্দি দেন। বাদি আদালতকে জানান, এই ঘটনার সাথে সাবেক মেয়র আলমগীর চৌধুরী কোনোভাবেই জড়িত নন। ঘটনার সময়ে তিনি দুর্ঘটনাবশত এজাহারভুক্ত হয়েছিলেন। আসামির বিরুদ্ধে বাদির কোনো অভিযোগ নেই মর্মে তিনি অনাপত্তিপত্র দাখিল করেন।
আলমগীর চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট লুৎফুল কবির জানান, পৌরসভার নিজপানখালী এলাকার বাসিন্দা আমীর আলীর দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলা এবং কাকারা এলাকার শাহ আলমের দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বাদির অনাপত্তিতে তাকে দুটো মামলায় জামিন মঞ্জুর করেন।
আদালত উভয় পক্ষের শুনানি এবং বাদির অনাপত্তিপত্র বিবেচনা করে সাবেক মেয়র আলমগীর চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন। এই আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
আলমগীর চৌধুরী চকরিয়া পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র ছিলেন। গত ৩০ আগস্ট চকরিয়া থানার পুলিশ তাকে আটক করে দুটো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর সময় তিনি অসুস্থ হয়ে পড়ায় তার জামিন শুনানি পেছানো হয়।
ডিজে




