জঙ্গল সলিমপুর থেকে শীর্ষ সন্ত্রাসী ‘গলাকাটা বাচা’ গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড সাদ্দাম হোসেন ওরফে ‘গলাকাটা বাচা’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। তার বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা রয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডর দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সাদ্দাম (৩৭) নগরীর বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকার মুক্তিযোদ্ধা কলোনির বাসিন্দা।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, সন্ত্রাসী সাদ্দাম হোসেন ওরফে ‘গলাকাটা বাচা’ সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থান করছে বলে গোপন সংবাদ পাই। এরপর শুক্রবার বিকেলে পৌনে তিনটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল সে।

তিনি আরও জানান, গলাকাটা বাচা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী এবং তার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, সাদ্দামের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ, চকবাজার, ডবলমুরিং, বায়েজিদ বোস্তামী, আকবর শাহ ও সীতাকুণ্ড থানায় সাতটি মামলা রয়েছে।

ksrm