জঙ্গলে নিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

খাগড়াছড়ি সদরে স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির এক শিশুকে জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শরিফ হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে আটক যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

স্থানীয়রা জানায়, সকালে ওই ছাত্রী একা বিদ্যালয়ে যাচ্ছিল। পথে তার গতিরোধ করে শরিফ হোসেন তাকে পার্শ্ববর্তী একটি জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করেন। ঘটনার পর ভুক্তভোগী শিশুটি কোনোমতে বিদ্যালয়ে পৌঁছে এক শিক্ষিকাকে বিষয়টি বিস্তারিত জানায়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং অভিযুক্ত শরিফ হোসেনকে ধরে এনে বিদ্যালয়ের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্তকে হেফাজতে নেয়। আটক শরিফ হোসেন স্থানীয় এক ব্যক্তির বাড়িতে রাখাল হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়কিসলু জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে এসেছে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা ও অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ/ডিজে

ksrm