ছুটি শেষে কর্মস্থলে অনুপস্থিতসহ ৩ অভিযোগ, চবি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

কর্মস্থলে অনুপস্থিত থেকেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে প্রায় ৪৭ লাখ টাকা বেতন-ভাতা গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া একাধিকবার বিদেশে অবস্থানের অভিযোগ প্রমাণিত হয়েছে অণুজীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোমা দত্তের বিরুদ্ধে। তিনটি সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও ড. সোমা দত্ত কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়াই একাধিকবার বিদেশে অবস্থান করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

শুধু তাই নয়, কর্মস্থলে অনুপস্থিত থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রায় ৪৭ লাখ টাকার বেতন-ভাতা গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়গুলো তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করে।

তদন্তে তিনটি সুনির্দিষ্ট অভিযোগই প্রমাণিত হওয়ার পর প্রতিবেদনটি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়। পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া জানান, তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষক সোমা দত্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থানকালে ভোগ করা বেতন-ভাতা তাকে ফেরত দিতে হবে। পাশাপাশি তার বিরুদ্ধে চাকরিচ্যুতির মতো কঠোর সিদ্ধান্তও নিতে পারে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

এএইচ/ডিজে

ksrm