ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলায় চট্টগ্রামে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

0

চট্টগ্রামের কর্ণফুলীতে ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক এই রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডিত সাত আসামির মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত থাকলেও দুজন পলাতক রয়েছেন।

দণ্ডিত আসামিরা হলেন— মো. আজম, ফারুক, আলী আজগর, শওকত হোসেন, ওমর উদ্দীন, আশরাফুল আলম সুমন ও মো. পারভেজ। দণ্ডিত ওমর উদ্দীনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অতিরিক্ত আরও ১০ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকার অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আইয়ূব খান বলেন, ‘ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর কর্ণফুলী উপজেলার শাহমীরপুর এলাকায় মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় মামুনুর রশীদ মামুন নামে এক যুবক কুপিয়ে খুন হন।

একই ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিরা নিহতের বন্ধু আজিজকেও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার পা কেটে ফেলতে হয়।

নিহত মামুনের ভাই ইয়াছিন বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্তে নামে। তদন্ত শেষে পুলিশ ২০১৯ সালের ১১ মার্চ সাতজনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করে।

আদালত ২০২১ সালের ৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু করেন। মামলায় ২৭ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার আসামিদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আদালতে উপস্থিত থাকা সাত আসামির পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।

আইএমই/এমএফও

ksrm