ছাত্রদল নেতাদের নিয়ে তালা ভেঙে দপ্তরে চুয়েটের ভিসি, বাইরে তালা দিলেন শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যেই প্রশাসনিক ভবনের ফটকের তালা ভেঙে নিজের দপ্তরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে নয়টার দিকে ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে তিনি দপ্তরে প্রবেশ করেন। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নতুন উপাচার্যকে দুপুর ১২টার মধ্যে ভিসি ভবন ত্যাগ করার সময়সীমা বেঁধে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যথায় ভবনের ফটকে তালা দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

ছাত্রদল নেতাদের নিয়ে তালা ভেঙে দপ্তরে চুয়েটের ভিসি, বাইরে তালা দিলেন শিক্ষার্থীরা 1

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে একটি হাইয়েস মাইক্রোবাসে করে ক্যাম্পাসে পৌঁছান অধ্যাপক শেখ শরীফুল আলম। প্রধান ফটকে নিজেকে শিক্ষক পরিচয় দিয়ে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন বলে সূত্রটি জানিয়েছে। পরে চুয়েট শাখা ছাত্রদলের নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের ফটকের তালা ভেঙে নিজের দপ্তরে যান তিনি।

এ সময় উপাচার্যের দপ্তরে চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন উপস্থিত ছিলেন বলে সূত্র জানিয়েছে।

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্নের হুঁশিয়ারি শিক্ষার্থীদের

নতুন উপাচার্যের প্রবেশের পরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তাঁদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। শিক্ষার্থীদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে ভবন ত্যাগ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়।

চুয়েটের ২১তম আবর্তের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রচারিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নবনিযুক্ত উপাচার্য ভিসি ভবন ত্যাগ না করলে ভবনটি খালি ঘোষণা করা হবে। তিনি সসম্মানে ভবন ছেড়ে না গেলে ফটকে তালা দেওয়া হবে এবং বাইরে থেকে বিদ্যুৎ ও পানির সব সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

আলটিমেটামের সময় ঘনিয়ে আসায় ভিসি ভবনের চারপাশে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

যেভাবে শুরু হয় আন্দোলন

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে এ আন্দোলন চলছে। গত ২১ সেপ্টেম্বর নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দেন। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু হয়।

গত ২৭ জুলাই অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দায়িত্ব গ্রহণের ৫৬ দিনের মাথায় গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে উপাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এ নিয়োগের প্রতিবাদে ওই রাতেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাঁদের প্রধান দাবি, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল করতে হবে। এ দাবিতে প্রশাসনিক ভবনে তালা দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তাঁরা।

পরবর্তী সময়ে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও কর্মবিরতিতে যোগ দেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মুখে এত দিন ক্যাম্পাসে যেতে পারেননি নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।

তবে গত ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর যোগদানপত্র পাঠিয়ে উপাচার্য হিসেবে যোগদান করেন তিনি। এর পরও সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। টানা ২০ দিন ধরে সর্বাত্মক শাটডাউন ও কর্মবিরতি চলার মধ্যে সোমবার নতুন উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

এনএন/ডিজে

ksrm