স্বর্ণ জয়ের লড়াইয়ে সবাইকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশ চ্যালেঞ্জার্স কাপ কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের (বিকেএফকেএস) পাঁচলাইশ শাখা। দুই দিনব্যাপী প্রতিযোগিতায় ২৭টি স্বর্ণপদক জিতে শিরোপা নিশ্চিত করে তারা। ২২টি স্বর্ণ নিয়ে রানারআপ হয়েছে ফ্রেন্ডস ক্লাব। দেশের ৪০টি দলের প্রায় ৭৫০ জন প্রতিযোগী অংশ নেন এই আসরে।
বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের আয়োজনে ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় ২ ও ৩ অক্টোবর চট্টগ্রাম এলজিইডি ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘মুন্না’স একাডেমি প্রেজেন্টস ১ম বাংলাদেশ চ্যালেঞ্জার্স কাপ কারাতে প্রতিযোগিতা-২০২৬’।
দেশের বিভিন্ন জেলা, উপজেলা, কারাতে অ্যাসোসিয়েশন ও ক্লাব থেকে আসা প্রতিযোগীরা বিভিন্ন ইভেন্টে লড়াইয়ে অংশ নেন। প্রতিযোগিতায় ৪০টি দলের প্রায় ৭৫০ জন কারাতেকা অংশগ্রহণ করেন।
২ অক্টোবর প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এ.জি.এম. মনিরুল হাসান সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহাগ তালুকদার।
বিকেএফকেএস সভাপতি মোহাম্মদ আবু সাঈদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের নোয়াখালী অঞ্চলের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন, মুন্না’স একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান লেকচারার ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ হক মুন্না, বাংলাদেশ শোতোকান কারাতে-দো অ্যাসোসিয়েশন কিউখাইয়ের সভাপতি শামসের আলম ভূঁইয়া এবং বিকেএফ সদস্য মোহাম্মদ রমজান।
প্রতিযোগিতার খেলা পরিচালনা ও রেফারির দায়িত্বে ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী রেফারিরা। সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী কোচ এবং বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শিহান এ বি রনি।
শেষ পর্যন্ত ২৭টি স্বর্ণপদক ঘরে তুলে প্রতিযোগিতার সেরা দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিকেএফকেএস পাঁচলাইশ।
এএইচ




