ক্রেতা সেজে দোকানে ঢুকে স্বর্ণালঙ্কার দেখার ভান করে স্বর্ণ লুটের চেষ্টা করেছেন এক নারী। এ সময় তিনি জুয়েলারি দোকানের দুই কর্মচারীর চোখে মরিচের গুঁড়া ছুড়ে দেন। ওই নারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বেলা ২টার দিকে ফটিকছড়ি থানার সামনে বিবিরহাট এলাকার টুন্টু জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
আটক নারীর নাম সালমা (২৮)। তিনি উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও দোকানমালিক সূত্রে জানা গেছে, সালমা দোকানে ঢুকে কিছুক্ষণ স্বর্ণালঙ্কার দেখার ভান করেন।
একপর্যায়ে তিনি সঙ্গে থাকা মরিচের গুঁড়া দোকানের দুই কর্মচারীর চোখে ছুড়ে মারেন। এতে তারা সাময়িকভাবে দিশেহারা হয়ে পড়লেও একজন কর্মচারী দ্রুত তাকে আটকে ফেলেন।
এ সময় স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ওই নারীকে আটকে রাখেন। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
টিএ/ডিজে




