চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে চারদিনব্যাপী উৎসব ‘টেলিভার্স ১.০’।
এ উপলেক্ষ ইতোমধ্যে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে চলছে জোর প্রস্তুতি ও উৎসবের আমেজ। এবারের ‘টেলিভার্স ১.০’-এর মূল আকর্ষণ হিসেবে থাকছে চারটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী ধারণা এবং সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ পাবেন।
আগামী ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে এ উৎসব। ২০ নভেম্বর প্রথমদিন বিকাল ৪টায় কেক কাটার মাধ্যমে হবে উৎসবের সূচনা। এরপর বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ‘ফ্ল্যাশমব’।
২১ নভেম্বর দিনভর অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাসমূহের চূড়ান্ত পর্ব। যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখরিত হবে চুয়েট।
তৃতীয়দিন ২২ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে দাবা প্রতিযোগিতা। এরপর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ‘টকবাইট’ সেমিনার। এতে উপস্থিত থাকবেন কন্টেন্ট ক্রিয়েটর অনন্য জামানসহ বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে আগত অতিথিরা। সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজন করা হবে পুনর্মিলনী অনুষ্ঠানের, যা ইটিই বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি মিলনমেলা হবে।
অনুষ্ঠানের শেষদিন, ২৩ নভেম্বর সকাল ১০টায় উপাচার্য ভবন থেকে এক বর্ণাঢ্য র্যা লি অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উপাচার্য, ডিন, বিভাগীয় প্রধান এবং অন্যান্য অতিথিদের উপস্থিতিতে টেলিভার্স ১.০ এর আনুষ্ঠানিক উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষে বিকেল ৫টায় সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে পর্দা নামবে ‘টেলিভার্স ১.০’-এর।
এ বিষয়ে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাহমিদ ফুয়াদ খান বলেন, ‘ইটিই ডে ২০২৫’, যার নামকরণ করা হয়েছে ‘টেলিভার্স ১.০’। এবারের ইভেন্টের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে চারটি জাতীয় পর্যারের প্রতিযোগিতা, যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে হ্যাকাথন, সাইবার সিকিউরিটি, ডিপ লার্নিং, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি ফিল্ডে নিজেদের মেধার যাচাই করতে পারবে। আমরা এই কম্পিটিশুনগুলোতে অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং সফলভাবে সম্পন্ন করার জোর প্রচেষ্টা চালাচ্ছি। এর পাশাপাশি থাকছে চেস কম্পিটিশন, ফটোগ্রাফি কম্পিটিশন এবং ক্রিকেট ফুটবল সহ অন্যান্য খেলাধুলা।
এনএন/ডিজে




