চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তালাবদ্ধ উপাচার্য ভবনের সামনে প্রতিবাদী কনসার্টে অংশ নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দাবি তুলে ধরার পাশাপাশি প্রশাসনের নীরবতারও প্রতিবাদ জানান তারা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে উপাচার্য ভবনের সামনে এ প্রতিবাদী কনসার্ট শুরু হয়।
সরেজমিনে দেখা গেছে, সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘কমপ্লিট শাটডাউন’ ও কঠোর অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তাদের কর্মসূচির কারণে ক্লাস, ল্যাব, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
একই দাবিতে পঞ্চম দিনের মতো কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বেলা ১১টা থেকে উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। শিক্ষক-কর্মচারীদের কর্মসূচির কারণে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
প্রতিবাদী কনসার্টে অংশ নেওয়া পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মৌমতা দত্ত প্রিয়া বলেন, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম স্যারকে পুনর্বহালের দাবিতে আজ দশম দিনের মতো আমাদের প্রতিবাদী কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় প্রতিবাদী কনসার্টের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আমাদের প্রতিবাদী কণ্ঠস্বর তুলে ধরা হচ্ছে। পাশাপাশি প্রশাসনের নীরবতারও তীব্র সমালোচনা জানানো হচ্ছে। আমাদের সাবেক উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে শিক্ষার্থীদের ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি চলছে। এর মধ্যে মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শনসহ বিভিন্ন ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
এএইচ




