চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক পটিয়া সন্তান ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।
রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে সোমবার (২৭ জুলাই) এ নিয়োগের তথ্য জানানো হয়। তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়ার স্থলাভিষিক্ত হবেন।
চট্টগ্রামের পটিয়া উপজেলার নাইখাইন গ্রামের সন্তান অধ্যাপক ড. সায়েমের এই নিয়োগে বিশ্ববিদ্যালয় পরিবার, শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং পটিয়াবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন অসংখ্য মানুষ।
বর্তমানে তিনি চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান এবং চুয়েট শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক কমিটিতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রকৌশল সংগঠনের ফেলো ও সদস্য।
চুয়েটের যন্ত্রকৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর ২০০৫ সালে একই বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন তিনি। প্রায় ২২ বছরের শিক্ষকতা জীবনে তিনি দক্ষ শিক্ষক, গবেষক ও প্রশাসক হিসেবে সুনাম অর্জন করেছেন।
তিনি জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পিএইচডি শেষে অস্ট্রেলিয়ার একটি খ্যাতনামা মাইনিং প্রতিষ্ঠানে মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজের সুযোগ পেলেও দেশের প্রতি ভালোবাসা ও শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রত্যয়ে দেশে ফিরে আসেন।
দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, বিদেশে থেকে হয়তো ব্যক্তিগতভাবে অনেক কিছু অর্জন করা সম্ভব ছিল। কিন্তু আমার অর্জন যদি শিক্ষার্থীদের কাজে না লাগে, যে বিশ্ববিদ্যালয় আমাকে প্রকৌশলী হিসেবে গড়ে তুলেছে তার জন্য যদি কিছু করতে না পারি, তাহলে সেই অর্জনের মূল্য খুব বেশি নয়। আমি সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চেয়েছি। এখন উপাচার্যের দায়িত্ব নিয়ে চুয়েটকে একটি বিশ্বমানের, গবেষণাভিত্তিক এবং উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই। এজন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থীসহ চুয়েট পরিবারের সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
ডিজে




