চাটগাঁইয়া গানের কিংবদন্তি আবদুল গফুর হালীর আজ ৯৮তম জন্মদিন

চাটগাঁইয়া গান, মাইজভাণ্ডারী ও মরমী সংগীতের অন্যতম রূপকার আবদুল গফুর হালীর আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) ৯৮তম জন্মদিন। ১৯২৮ সালের ৬ আগস্ট চট্টগ্রামের পটিয়া উপজেলার রশিদাবাদে তাঁর জন্ম। তাঁর বাবা আবদুস সোবহান এবং মা গুলতাজ খাতুন। ২০১৬ সালের ২১ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

আবদুল গফুর হালী একাধারে গীতিকার, সুরকার ও শিল্পী ছিলেন। ১৯৫৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত টানা ৬০ বছরের সংগীতজীবনে তিনি প্রায় দুই হাজার গান রচনা করেন। চট্টগ্রামের আঞ্চলিক, মাইজভাণ্ডারী, মরমী এবং মোহছেন আউলিয়ার গানে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। আঞ্চলিক গানের কালজয়ী জুটি শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবের অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা ছিলেন তিনি। মোহছেন আউলিয়ার গানের প্রধান রূপকার হিসেবেও তিনি পরিচিত। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার নাটকের পথিকৃৎ রচয়িতাদের অন্যতম ছিলেন আবদুল গফুর হালী।

তাঁর মরমী ও মাইজভাণ্ডারী গান নিয়ে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটির অধ্যাপক ড. হান্স হার্ডার জার্মান ভাষায় ‘ডার ফেরুখটে গফুর স্প্রিখট’ নামে একটি গবেষণাগ্রন্থ প্রকাশ করেন। তাঁর গান নিয়ে গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের নৃবিজ্ঞানী পিটার জে. বার্টুসি এবং ড. বেঞ্জামিন ক্রাকাউর।

২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে সুফী মিজান ফাউন্ডেশন আবদুল গফুর হালীর গীতিকাব্য ‘সুরের বন্ধন, শিকড় ও দিওয়ানে মাইজভাণ্ডারী’ এবং সংকলন গ্রন্থ ‘আবদুল গফুর হালীর চাটগাঁইয়া নাটকসমগ্র’ প্রকাশ করে। এর আগে ১৯৬৯ সালে তাঁর ‘তত্ত্ববিধি’ এবং ১৯৮৯ সালে ‘জ্ঞানজ্যোতি’ নামে দুটি গীতিকাব্য প্রকাশিত হয়।

ksrm