চসিক নির্বাচনে ভোট ডাকাতি আর নির্যাতন দেখল বিশ্ব—মন্তব্য ডা. শাহাদাতের

0

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে নির্যাতন অভিহিত করে বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘সিটি নির্বাচনে যে ভোট ডাকাতি হয়েছে তা কোন নির্বাচন নয় বরং এটা একটা নির্যাতন। আওয়ামী লীগের সন্ত্রাসীদের ভয়ে কেউ ভোটকেন্দ্রে যেতে পারে নাই। তারা কোন ভোট দিতে পারেনি।’

তিনি বলেন, ‘সব কেন্দ্র সরকারদলীয় সন্ত্রাসীদের দখলে ছিল। সারা বিশ্ব এ তামাশার এই নির্বাচন দেখল। এভাবে ভোট ডাকাতির জন্য এই সরকারকে একদিন না একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

সদ্য সমাপ্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে হেরে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) আহত ও গ্রেপ্তার নেতার্মীদের খোঁজ খবর ও মুক্তির জন্য হাসপাতাল ও আদালতে যান ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন।

ডা. শাহাদাত নগরের মেহেদিবাগের ন্যাশাল হাসপাতালে চিকিৎসাধীন ইপিজেড থানা বিএনপি নেতা মিজানুর রহমান পাবেল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে যান।

তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। এছাড়া তিনি নির্বাচনকে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়া নেতামর্কীদের দ্রুত মুক্তির ব্যাপারে আইনজীবীদের সাথে কথা বলেন।

এ সময় নগর বিএনপির সভাপতি বলেন, ‘জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র ও সু-শাসন প্রতিষ্ঠার শপথ নিয়ে সবাইকে মাঠে নামতে হবে। ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগ গণতন্ত্রকে হরণ করেছে। তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং ফ্যাসিজমের মাধ্যমে ভয়াবহ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। এই সরকার জনগণের সকল গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, ভোটাধিকার ও আইনের শাসনকেও কুক্ষিগত করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে।’

গণতন্ত্র, ভোটাধিকার, সু-শাসন, প্রতিষ্ঠার জন্য জনগণকে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডা. শাহাদাত বলেন, যতদিন এ দেশের মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে আসবে না ততদিন পর্যন্ত এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না।

সিএম/কেএস

ksrm