চট্টগ্রামে নগর উন্নয়ন আর সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন—এই দুই গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনের নবনির্বাচিত নেতারা। টাইগার পাসে চসিক কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে নগর পরিচালনা ও দায়িত্বশীল সাংবাদিকতার নানা দিক উঠে আসে।
সাক্ষাৎকালে ডা. শাহাদাত হোসেন নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং তাদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। তিনি বলেন, পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিসীম। চসিকের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করে তিনি আরও বলেন, নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন অত্যন্ত জরুরি।
এ সময় টিসিজেএ নেতারা মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নগরের স্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে চসিকের উন্নয়নমূলক কার্যক্রমে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী (মামুন), সহসভাপতি সঞ্জীব দে বাবু, সহসাধারণ সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক মো. পারভেজ রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন, নির্বাহী সদস্য রবিউল হোসেন টিপু, নাজিম উদ্দিন, মেয়রের সহকারী একান্ত সচিব মারুফুল হক চৌধুরী এবং সহকারী একান্ত সচিব জিয়াউর রহমান জিয়া।



