‘চলো তোমার বাসায় যাবো’, পুলিশ পরিচয়ে ঢুকে ১৫ ভরি স্বর্ণ ও সাড়ে ৮ লাখ টাকা লুট

পুলিশ পরিচয় দিয়ে একটি বাড়ির আঙিনায় ঢুকে পড়ে ডাকাতের দল। তারপর আড্ডারত একজন বলেন, ‘চলো, তোমার বাসায় যাব।’ বাড়ির প্রধান ফটকে ঢুকতেই বদলে যায় তাদের রূপ। সবাই বের করেন আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র। এর মধ্যে বাড়ির লোকজনদের অস্ত্রের মুঠে ঠেকিয়ে লুট করে নিয়ে যায় ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ ৪০ হাজার টাকাসহ তিনটি মোবাইল ফোন এবং বাড়ির সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে কক্সবাজারের পেকুয়ার আব্দুল হামিদ সিকদারপাড়া গ্রামের রেজাউল করিমের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

রেজাউল করিম মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তা।

ভুক্তভোগী রেজাউল করিম জানান, রাত ১টার দিকে তিনি কয়েকজন প্রতিবেশীসহ বাড়ির পাশে আড্ডা দিচ্ছিলেন। কিছুক্ষণ পর একটি গাড়িতে করে ছয়জন লোক সেখানে এসে নিজেদের পুলিশ পরিচয় দেয় এবং ওই ব্যক্তিরা তার সঙ্গে থাকা অন্য তিনজনকে দূরে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে ফেলেন এবং তাদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেন।

তিনি আরও জানান, পুলিশ পরিচয় দিয়ে ডাকাতেরা তার বাসায় যেতে চেয়ে তাকে বলেন, ‘চলো, তোমার বাসায় যাব’। পুলিশ সদস্য ভেবে বাড়িতে নিতেই ভয়ংকর ভাবে সকলের আচরণ বদলে যায়। ঘাড়ে বন্দুক ঠেকিয়ে পরিবারের নারী ও শিশুদের জিম্মি করে নেয় ডাকাতদল।

জানা গেছে, প্রথমে রেজাউল করিমের প্রবাসী ভাই জমির আলমের কক্ষে প্রবেশ করে ডাকাত দল। তার স্ত্রীকে মারধর করে পরনের সব স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে আলমারির তালা ভেঙে প্রায় সাড়ে ৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২ লাখ ৫০ হাজার টাকা লুট করেন।

রেজাউল করিমের স্ত্রীর গলায় অস্ত্র ঠেকিয়ে আলমারির তালা ভেঙে প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫ লাখ ৯০ হাজার টাকা নিয়ে যায় ডাকাতের দল।

‎‎পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ডাকাত দল পুলিশ পরিচয় দিলেও তাদের পুলিশের পোশাক ছিল না। এ বিষয়ে নিয়ে পুলিশ তদন্ত করছে।

এফএ/ডিজে

ksrm