চবি’র ভর্তি পরীক্ষায় নকলের দায়ে ২ পরীক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় নকল করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন দুই শিক্ষার্থী। উত্তরপত্র পরস্পরের মধ্যে বদল করে লেখার সময় পরীক্ষা পর্যবেক্ষকের নজরে এলে তাদের কেন্দ্র থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে চবির শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

তবে বহিষ্কৃত দুই পরীক্ষার্থী হলেন—চাঁপাইনবাবগঞ্জের মোহাম্মদ মুত্তালিব এবং রাজশাহীর হাফিজুর রহমান। তারা রাজশাহীর একটি মাদ্রাসার শিক্ষার্থী। পরীক্ষা চলার সময় তারা নিজেদের মধ্যে উত্তরপত্র পরিবর্তন করে একজনের প্রশ্নের উত্তর আরেকজন লিখে দিচ্ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার বি-২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত চলা এ পরীক্ষায় নকলের বিষয়টি নজরে আসার পর প্রক্টরিয়াল বডিকে জানানো হয়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, দুই শিক্ষার্থীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত না হওয়ার বিষয়ে তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত আরবি, ইসলামিক স্টাডিজ ও পালি বিভাগ নিয়ে গঠিত বি-২ উপ-ইউনিটে বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বি-২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ উপ-ইউনিটে মোট ২৮০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৪ হাজার ৮৪৯ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৪ হাজার ২৫৮ জন, যা মোট আবেদনকারীর ৮৭ দশমিক ৮১ শতাংশ। অন্যদিকে ৫৯১ জন পরীক্ষার্থী নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নেননি।

বি-২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক মো. ইকবাল শাহীন খান দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

এএইচ/ডিজে

ksrm