চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মেয়েকে ভর্তি পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিয়ে বাইরে অপেক্ষারত অবস্থায় হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বাবার।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইব্রাহীম খলিল (৬০)। তার বাড়ি কুমিল্লা জেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় বসবাস করে আসছিলেন। সকালে তিনি মেয়ে নাশিতা তাসনিমকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসেন। নাশিতা ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ‘ডি’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নাশিতার পরীক্ষাকেন্দ্র ছিল শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে (নতুন কলা অনুষদ)। মেয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করার পরই ইব্রাহীম খলিল অসুস্থতা অনুভব করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের শিক্ষার্থীদের একটি কক্ষে গিয়ে শুয়ে পড়েন। হলে অবস্থানকালে একপর্যায়ে তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে।
বিষয়টি দেখে আশপাশের শিক্ষার্থীরা তাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকেরা জানান, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন এবং দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব বলেন, হার্ট অ্যাটাক নিশ্চিত হওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানোর কথা বলা হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
নিহতের প্রতিবেশী মো. মিজানুর রহমান জানান, নাশিতা তাসনিম চট্টগ্রামের কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। মেয়ের ভর্তি পরীক্ষার দিনেই এমন আকস্মিক মৃত্যুতে পরিবার শোকে ভেঙে পরেন।
শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে ৮৪৯টি সাধারণ আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ৫১ হাজার ৫০৫ জন। সমাজবিজ্ঞান, আইন ও জীববিজ্ঞান অনুষদের মোট ১২টি বিভাগ এই ইউনিটের আওতাভুক্ত।
এএইচ/ডিজে




