চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাগিচাহাটের উত্তরে খানদীঘি শিকারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মহাসড়কের মাঝখানে বাসটি উল্টে পড়ে থাকায় দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় বাসটি সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের হলুদ রঙের বাসটি (চট্টমেট্রো-ব ১১-১১৭০) খানদীঘি শিকারিপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের মাঝখানে উল্টে যায়। দুর্ঘটনায় বাসের সামনের গ্লাস ও জানালার কাচ ভেঙে সড়কে ছড়িয়ে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।
বাসটিতে থাকা ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর বাসটি সড়কজুড়ে পড়ে থাকায় মহাসড়কের উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইকিং করে ভিড় নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়। পরে রেকার ও ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সরানো হয়। এ সময় স্থানীয় ৩০ থেকে ৪০ জন যুবক উদ্ধারকাজে পুলিশকে সহযোগিতা করেন।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ওই অংশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। পাশাপাশি সড়কে সামান্য বাঁক থাকায় ভোররাতে দ্রুতগতির যানবাহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা ওই এলাকায় গাড়ির গতি নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত সড়কবাতি স্থাপনের দাবি জানিয়েছেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, ভোরে বাগিচাহাটে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এএইচ




