চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তিশা প্লাটিনাম বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। অটোরিকশা চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার ( ৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে চন্দনাইশের শাহসুফি মাজার গেট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—লোহাগাড়া উপজেলার পদুয়া দক্ষিণ আমিরাবাদের তোফায়েল মুরছালীন (২৩) এবং চন্দনাইশের উত্তর কাঞ্চননগর এলাকার আব্দুল গফুর (৫৫)। তোফায়েল মুরছালীন বেগম ওসমান আরা কলেজ অব নার্সিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আহতরা হলেন—সাতকানিয়ার সানজিদা আক্তার সুমাইয়া (২৪), চন্দনাইশের মো. আরিফ ইসলাম (৪০) ও অটোরিকশাচালক মো. সায়মন হোসেন খায়ের (২০)। আহত সানজিদাও একই নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী তিশা প্লাটিনাম পরিবহনের এসি বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রীই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মুরছালীন ও আব্দুল গফুরকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এএইচ




