চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২২৬০ কোটির বাজেট ঘোষণা

গুরুত্বপূর্ণ খাত মশকনিধন ও জলাবদ্ধতা নিরসন

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বাজেট ঘোষণা করেন মেয়র শাহাদাত হোসেন। একইসঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও ঘোষণা করেন মেয়র। এর পরিমাণ ১ হাজার ৬৬৫ কোটি ৯২ লাখ টাকা। যদিও মূল বাজেট ছিল ২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকার। অর্থাৎ বাজেট বাস্তবায়নের হার ৭৮ শতাংশ।

এ বাজেটে গুরুত্বপূর্ণ সেক্টর মশকনিধন খাতকে ধরা হয়েছে। গতবছর ৯ কোটি টাকা বরাদ্দ থাকলে এ অর্থবছর বরাদ্দ রাখা আছে ২৫ কোটি টাকা।

বাজেট অধিবেশনে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘নগরবাসীর একমাত্র সেবাদানকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি কর্পোরেশন। একটি ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। সামর্থ্যের মধ্যে সে প্রত্যাশা পূরণে সিটি কর্পোরেশন নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সদিচ্ছা থাকলেও আর্থিক সক্ষমতা অপ্রতুল। আর্থিক সক্ষমতা ছাড়া নগরবাসীর প্রত্যাশা শতভাগ পূরণ করা কষ্টসাধ্য। তাই নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হলে সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতা বাড়াতে হবে।

এবারের বাজেটে সরকারি অনুদানের পাশাপাশি নিজস্ব উৎস থেকে আয়ের ওপর জোর দিয়েছে সিটি কর্পোরেশন। মোট বাজেটের মধ্যে ১ হাজার ১৯৭ কোটি ৬২ লাখ টাকা নিজস্ব উৎস থেকে আয় করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গৃহকরসহ কর খাতে আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৮১১ কোটি ৯০ লাখ টাকা। আর উন্নয়ন অনুদান খাতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৭৫ কোটি টাকা। যা মূলত সরকারি তহবিল থেকে পাওয়ার আশা করছে সিটি কর্পোরেশন।

বাজেটে মোট পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ব্যয় হবে ৮২৭ কোটি ৯৭ লাখ টাকা। এর মধ্যে বেতন-ভাতা খাতে ব্যয় হবে ৪৮০ কোটি ৮৫ লাখ টাকা। উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৫ কোটি টাকা। ৬টি প্রকল্পসহ সিটি কর্পোরেশনের রাস্তাঘাট নির্মাণ, সংস্কার, বিভিন্ন স্থাপনা নির্মাণ খাতে এই টাকা খরচ করা হবে। এছাড়া দেনা পরিশোধে ব্যয় করা হবে ১৮৪ কোটি টাকা।

এবারের বাজেটে নগরের অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা নিরসনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ খাতে ১১২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সর্বশেষ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৭৫ কোটি টাকা। যদিও শেষ পর্যন্ত খরচ হয়েছে ৬৫ কোটি টাকা। বাজেটে মশকনিধন খাতও গুরুত্ব পেয়েছে।

আগামী অর্থবছরের জন্য নগরের মশকনিধন খাতে বরাদ্দ ধরা হয়েছে ২৫ কোটি টাকা। এর আগের অর্থবছরে ৯ কোটি টাকা বরাদ্দ রেখেছিল সিটি কর্পোরেশন। অবশ্য খরচ করেছে ৫ কোটি ৩৮ লাখ টাকা।

সিটি কর্পোরেশনের বাজেট অধিবেশনে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

আইএমই/ডিজে

ksrm