বন্যার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হচ্ছে। তবে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ করা হবে পূর্বনির্ধারিত পরীক্ষা শেষ হওয়ার পর।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও দুর্ভোগ বিবেচনায় আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্তে এ পদক্ষেপ নেওয়া হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছিল, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়কপথে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের চরম ভোগান্তির বিষয়টি বিবেচনায় রেখেই পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
শিক্ষামন্ত্রী জানান, পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী ২৭ জুলাই থেকে পরীক্ষা যথারীতি শুরু হবে। তবে বন্যার কারণে স্থগিত হওয়া বিষয়গুলোর সংশোধিত সময়সূচি পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো শেষ হওয়ার পর ঘোষণা করা হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলা হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান।
এএইচ/ডিজে




