চট্টগ্রাম রেলে নারীদের ৬০ সিটের সংরক্ষিত কােচ, প্রথমদিনে মাত্র ৯ যাত্রী

চট্টগ্রাম থেকে চালু হয়েছে মহিলাদের জন্য সংরক্ষিত কোচ সেবা। রেলওয়ে এমন সিদ্ধান্ত প্রথমদিনেই সফলতার মুখ দেখেনি। ৬০ সিটের এই কোচে যাত্রী ছিলেন মাত্র ৯ জন। ঈদের আগের দিন পর্যন্ত এই বিশেষ কোচ চলাচল করবে বলে জানিয়েছেন রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার (২৫মে) চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ‘সোনার বাংলা এক্সপ্রেস’র একটি কোচে এই সেবা উদ্বোধন করা হয়।

জানা গেছে, রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম থেকে আন্তঃনগর ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেস’ এবং সিলেট থেকে আন্তঃনগর ট্রেন ‘জয়ন্তিকা এক্সপ্রেস’র একটি করে কোচ (বগি) নারীদের জন্য সংরক্ষিত করা হয়েছে। যেখানে শুধুমাত্র নারীরাই যাতায়াত করবেন। কিন্তু ঈদের এমন সময়ও নারীদের সংরক্ষিত কোচ সফলতার মুখ দেখেনি। প্রথম দিনে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ট্রেনে ৬০ আসনের বিপরীতে যাত্রী ছিলেন মাত্র ৯ জন।

অনেকে রেলওয়ে এমন সিদ্ধান্তকে হঠকারী বললেও আবার অনেকে মনে করছেন প্রচারণার অভাবে যাত্রী কম হয়েছে।

এদিকে সোনার বাংলা এক্সপ্রেসের কয়েকজন যাত্রী জানান, দূরের ট্রেনগুলোতে নারী যাত্রীরা সাধারণ খুবই কম একা যাতায়াত করেন। তারা বেশিরভাগ পরিবারের সঙ্গে থাকেন। তাই এই কোচে হয়তো যাত্রী কম হয়েছে। আবার অনেকে হয়তো এই সেবার চালুর বিষয়ে জানেনও না।

বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদ জানান, আপাতত এ কার্যক্রম ঈদের আগের দিন পর্যন্ত চালু থাকবে।

এর আগে নারীদের সংরক্ষিত কোচের সেবার উদ্বোধনীতে বিভাগীয় কর্মব্যবস্থাপক (পূর্ব) মোস্তাফিজুর রহমান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলাম, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদ, বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জেএস/ডিজে

ksrm