চট্টগ্রাম রেলে কাজ না পেয়ে প্রকৌশলীকে মারতে তেড়ে গেলেন ঠিকাদার ছাত্রদল নেতা

রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামে কাজ না পেয়ে প্রকৌশলীকে পেটাতে গেলেন নগর ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ক। এ সময় হাতাহাতির এক পর্যায়ে টেবিলে থাকা ল্যাপটপ পড়ে ভেঙে যায়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১টায় বিভাগীয় প্রকৌশলীর (১) এর দপ্তরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ঠিকাদারের নাম খন্দকার মোহাম্মদ রাজীবুল হক। তার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। তিনি নগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল সুমনের ভাগিনা।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চার সহযোগীসহ বিভাগীয় প্রকৌশলীর (১) দপ্তরে যান রাজীব। জরুরি ভিত্তিতে কয়েকটি দরপত্র আহ্বান করা হয়। কিন্তু সেখানে কোনো কাজ পায়নি রাজীবের প্রতিষ্ঠান। এজন্য ক্ষেপে গিয়ে দপ্তরে ঢুকে তাকে কেন কাজ দেওয়া হয়নি, তা জানতে চান। প্রকৌশলী ইমতিয়াজ কাজ আপাতত বন্ধ রাখার কথা জানালে রাজীব তার সঙ্গে খারাপ আচরণ করেন এবং গালাগালি দেন। একপর্যায়ে প্রকৌশলীকে মারতে ওঠেন রাজীব এবং এ সময় ল্যাপটপ ফ্লোরে পড়ে ভেঙে যায়।

এ বিষয়ে জানতে রাজীবুল হকের মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এছাড়া ক্ষুদেবার্তা পাঠানো হলে তিনি উত্তর দেননি।

বিভাগীয় প্রকৌশলী (১) পাহাড়তলীর আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ লাঞ্ছিত হওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, তারা আমাকে গালাগাল দিয়েছে এবং ল্যাপটপটি ভেঙে ফেলেছে।

জেএস/ডিজে

ksrm