চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি রফিকুলকে লাকসামে বদলি, নতুন মুখ নুরুল হুদা

রেলওয়ে পুলিশের তিন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে।

সোমবার (৮ জুন) রেলওয়ে জেলা পুলিশ সুপার তহুরা জান্নাত স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে চট্টগ্রামের ওসি মো. রফিকুল হাসানকে পাঠানো হয়েছে লাকসাম রেলওয়ে থানায়। তার জায়গায় নতুন দায়িত্ব নিয়েছেন রেলওয়ে জেলা পুলিশ লাইন্সের ওসি মীর মো. নুরুল হুদা।

এছাড়া একই আদেশে রেলওয়ে লাকসাম থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকারকে পাঠানো হয়েছে চট্টগ্রামের ডিআইও-১ আএসবিতে।

৮ মাস আগে চট্টগ্রাম রেলওয়ে থানার দায়িত্ব নেন রফিকুল হাসান। বদলির বিষয়ে তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো জানেন, আমার কিছু বলার নেই।’

এ বিষয়ে রেলওয়ের চট্টগ্রাম জেলা পুলিশ সুপার তহুরা জান্নাত জানান, ‘উনাকে (রফিকুল হাসান) তো লাকসামে বদলি করা হয়েছে, এটি তো চট্টগ্রাম রেঞ্জেই।’

এর আগে দায়িত্ব পালনকালে গত ৪ এপ্রিল চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া মেইল ট্রেনে লাগেজ ভ্যানে বিনা টিকিটে যাত্রী পরিবহন চক্রকে হাতেনাতে ধরেন তিনি। ওই সময় লাগেজ ভ্যানের তালা ভেঙে বেশ কয়েকজন যাত্রীকে বের করে আনেন তিনি।

এছাড়া গত ৭ জুন তার নেতৃত্বে ২০ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেন থেকে এক যুবকে আটক করে রেল পুলিশ। গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) ইতিহাসে এটা সবচেয়ে বড় ইয়াবার চালান জব্দের ঘটনা। এসব ইয়াবার বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

এদিকে জানা গেছে, মূলত ইয়াবা পাচার চক্রের সদস্য আটকের পর মাদক কারবারিদের চোখের কাঁটা হয়ে যান তিনি। তাই তদবির করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় এডিশনাল ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা জড়িত বলে অভিযোগ উঠেছে।

জেএস/ডিজে

ksrm