চট্টগ্রাম মেডিকেলে পরিচ্ছন্ন হাসপাতাল গড়ার উদ্যোগে এপিক হেলথ কেয়ার

বিপুলসংখ্যক আধুনিক ডাস্টবিন বিতরণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে বিপুলসংখ্যক আধুনিক ডাস্টবিন বিতরণ করেছে এপিক হেলথ কেয়ার লিমিটেড। সোমবার (২০ জুলাই) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা জোরদার এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, একটি পরিচ্ছন্ন হাসপাতালই একটি নিরাপদ হাসপাতাল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচ্ছন্নতা রক্ষায় এপিক হেলথ কেয়ারের এই উদ্যোগ প্রশংসনীয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বর্জ্য ব্যবস্থাপনায় সহায়ক হবে উদ্যোগ

বিশেষ অতিথি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করা রোগী, তাঁদের স্বজন এবং স্বাস্থ্যকর্মী সবার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এপিক হেলথ কেয়ারের পক্ষ থেকে ডাস্টবিন বিতরণের এই উদ্যোগ হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সহায়তা করবে। জনকল্যাণে প্রতিষ্ঠানটির সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পেডিয়াট্রিকস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী, নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুরুল করিম, ডা. ইয়াসিন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা. মোহাম্মদ সামিয়ুল করিম, হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এপিক হেলথ কেয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর টি. এম. হান্নান, ডিরেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, ডিরেক্টর অপারেশনস ডা. আব্দুর রাজ্জাক, ডিজিএম সৌমেন পালিত, ডিজিএম সুমণ রঞ্জন ভৌমিক, ডিজিএম আমিরুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

সম্মিলিত দায়িত্ব পালনের আহ্বান

অনুষ্ঠানে বক্তারা পরিচ্ছন্ন হাসপাতাল গড়ে তুলতে সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, একটি পরিচ্ছন্ন হাসপাতাল শুধু রোগী ও তাঁদের স্বজনদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে না, সংক্রমণ প্রতিরোধ, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এপিক হেলথ কেয়ারের পক্ষ থেকে জানানো হয়, মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি সমাজের সার্বিক কল্যাণে অবদান রাখা প্রতিষ্ঠানটির অন্যতম অঙ্গীকার। জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

ksrm