চট্টগ্রাম মেডিকেলে চালু ম্যালেরিয়া পরীক্ষা, ব্লাড স্লাইড ও আরডিটি ২০ টাকায়

ডটস কর্নার ও MORU-তে বিনামূল্যে

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পুরোদমে চালু হয়েছে ম্যালেরিয়া আরটিআই (RTI) ও আরডিটি পরীক্ষা। মাত্র ২০০ টাকায় হাসপাতালের এনসিলারি ভবনের চার তলার ল্যাবে এ পরীক্ষাটি করা যাবে।

চট্টগ্রাম মেডিকেলে চালু ম্যালেরিয়া পরীক্ষা, ব্লাড স্লাইড ও আরডিটি ২০ টাকায় 1
আগে এভাবেই তালাবদ্ধ থাকতো MORU-এর ম্যলেরিয়া পরীক্ষার রুম। চট্টগ্রাম প্রতিদিনে সংবাদ প্রকাশের পর খুলে দেওয়া হয় সেটি

এছাড়া Blood Slide Examination (BSE) and Rapid Diagonostic Test (RDT) করা যাবে নামমাত্র মুল্য ২০ টাকায়। ল্যাবে ম্যালেরিয়া পরীক্ষা সকাল ৮টা থেকে রাত ৭টা পর্যন্ত কালেকশন করা হবে। এছাড়া জরুরি বিভাগে দিনরাত ২৪ ঘণ্টা ম্যালরিয়া আরটিআই পরীক্ষা করা যাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ল্যাব ইনচার্জ শুভাশীষ বড়ুয়া রাজু।

শুভাশীষ বড়ুয়া রাজু বলেন, ম্যালেরিয়া শনাক্তে আরটিআই ও আরটিডি পরীক্ষা এখন থেকে হাসপাতালের ল্যাবে করা যাবে। আমরা আমাদের সব সীমাবদ্ধতা মোকাবেলা শেষে রোগীদের শতভাগ সেবা প্রদানে দৃঢ় প্রতিজ্ঞ।

এর আগে গত ১০ মে চট্টগ্রাম প্রতিদিনের অনলাইন ভার্সনে ‘চট্টগ্রামে মেডিকেলে বন্ধ ম্যালেরিয়া পরীক্ষা, প্রাইভেটে চারগুণ টাকা’—শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপরই নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন ল্যাব ইনচার্জকে ডেকে ম্যালেরিয়া পরীক্ষা নিশ্চিত করতে নির্দেশ দেন।

সংবাদ প্রকাশের পর হাসপাতালের মেডিসিন ১৩ নম্বর ও ১৬ নম্বর ওয়ার্ডের পাশে আরডিটি ফর ম্যালেরিয়া Mahidol-oxford Tropical Medicine Research Unit (moru)-এ আরডিটি ফর ম্যালেরিয়া পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। এখানে ১৩, ১৪, ১৬ মেডিসিন ওয়ার্ডে ভর্তিরত রোগীদের ম্যালেরিয়া পরীক্ষা করানো হয়।

হাসপাতালের নিচতলায় ব্র্যাকের ডটস কর্নারেও ম্যালেরিয়া পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে।

ডটস কর্নারের চট্টগ্রাম মেডিকেলের ইনচার্জ লিপি চাকমা বলেন, ‘ওয়ার্ড ও বহির্বিভাগ থেকে রোগী পাঠালে অবশ্যই আমরা ম্যালেরিয়া টেস্ট করতে বাধ্য। কিন্তু চিকিৎসকরা বলে না, রোগীরা জানে না। এটা হাসপাতাল থেকে প্রচার হওয়া উচিত।’

কিন্তু MORU রুমের দরজায় ‘এখানে ম্যালেরিয়া পরীক্ষা করা হয়’ বার্তাটি লিখে সাঁটানো হলেও দালালরা সেটি সোমবার ছিঁড়ে ফেলে। ওয়ার্ডের রোগীকে বাইরের ল্যাবে ম্যালেরিয়া পরীক্ষা করে কমিশনের টাকা নিজেদের পকেটে ভরানোর জন্য দালালরা এ কাজ করছে বলে জানা গেছে।

জানা গেছে, ওয়ার্ড থেকেও রোগীদের ল্যাবে, ডটস কর্নার, কিংবা MORU-তে গিয়ে ম্যালেরিয়া পরীক্ষা করাতে উৎসাহিত করা হয় না। বাইরের প্রাইভেট ল্যাবেগুলোর সঙ্গে ওয়ার্ডের ডাক্তারদের যোগসাজশ থাকায় রোগীদের বাইরের ল্যাব থেকে ম্যালেরিয়া পরীক্ষা করার জন্য প্যাডে লিখে দিয়ে থাকেন। বাইরে এ পরীক্ষাটি ৮০০ থেকে ৯০০ টাকায় করা হয়ে থাকে।

বিষয়টি জানতে চাইলে MORU ল্যাবে কর্মরত সঞ্জীব কান্তি পাল বলেন, ‘চট্টগ্রাম প্রতিদিনে সংবাদ প্রকাশিত হওয়ার পর ১৬ নম্বর মেডিসিন বিভাগের প্রধান ডা. অনিরুদ্ধ ঘোষ জয় স্যার আমাকে ডেকে বলেন, আমরা যেন দরজার তালা খুলে রাখি। আমরা তাই করেছি। এখানে আমরা দু’জন কর্মরত আছি। আমি সকাল ৮টা থেকে দুপুর ৩টা ও অন্যজন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দায়িত্বে থাকি।’

তবে আমরা দরজার গায়ে ‘এখানে ম্যালেলিয়া পরীক্ষা করা হয়’ সম্বলিত লেখা লাগিয়ে দেওয়ার পর কে বা কারা তা ছিঁড়ে ফেলেছে। আবার আমরা লাগিয়েছি। মনে হচ্ছে এটি দালালদের কাজ।

আইএমই/ডিজে

ksrm