চট্টগ্রাম মেডিকেলে ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতি শুরু, বেতন বৃদ্ধি ও আইন প্রণয়নসহ ৬ দাবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। একইসঙ্গে ছয় দফা দাবি আদায়ে ক্লাস বর্জনের ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা।

চট্টগ্রাম মেডিকেলে ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতি শুরু, বেতন বৃদ্ধি ও আইন প্রণয়নসহ ৬ দাবি 1

রোববার (৭ জুন) সকাল ৮টা থেকে হাসপাতালের প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন ডাক্তাররা। পরে তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে বেলা ১১টার পর ক্লাস বর্জনের ঘোষণা দেয় চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

এর দুইদিন আগে ছয় দফা দাবি নিয়ে মানববন্ধন করেন ইন্টার্ন ডাক্তাররা। ওই সময় দাবি না মানলে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

এদিকে শনিবার মধ্যরাত দেড়টার দিকে অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মো. ইরফানুর রহমানের সই করা বিবৃতিতে কর্মবিরতি কর্মসূচির বিষয়ে জানানো হয়।

ইন্টার্ন ডাক্তাররা জানান, ছয় দফা দাবির মধ্যে প্রথম দাবির বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করা হলেও অন্য দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট মহল থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। ফলে বাধ্য হয়ে কর্মবিরতি পালন করা হচ্ছে।

ছয় দফা দাবি

ছয় দফা দাবির মধ্যে রয়েছে—স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নতুন নির্দেশনা দেওয়া।

স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এর বাস্তবায়ন।

ইন্টার্ন ডাক্তারদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ এবং সরকারি ডাক্তারদের জন্য পৃথক বেতনকাঠামো প্রণয়ন।

বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ।

বিএমডিসি আইন-২০২৫-কে অধ্যাদেশের পরিবর্তে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর এবং ভুয়া চিকিৎসক পরিচয়দানকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করা।

বিএমডিসি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন সব ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবিও জানানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন জানান, আমরা রোগীদের স্বার্থ বিবেচনায় প্রশাসনকে প্রথমে ৪৮ ঘণ্টা ও পরে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছি। কিন্তু আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই বাধ্য হয়ে কর্মবিরতি পালন করছি।

ডিজে

ksrm