চট্টগ্রাম মেডিকেলে ইন্টার্ন ডাক্তারদের মানববন্ধন, ছয় দফা না মানলে ‘শাটডাউন’র হুঁশিয়ারি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত নোটিশ প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। একইসঙ্গে দাবি আদায়ে হাসপাতাল পরিচালকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়েছে। দাবি না মানলে, শনিবার থেকে শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন ডাক্তাররা।

চট্টগ্রাম মেডিকেলে ইন্টার্ন ডাক্তারদের মানববন্ধন, ছয় দফা না মানলে ‘শাটডাউন’র হুঁশিয়ারি 1

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান ফটকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক জারি করা নোটিশটি অযৌক্তিক এবং চিকিৎসকদের স্বার্থবিরোধী।

ছয় দফা দাবিগুলো হচ্ছে, এফসিপিএস ট্রেইনিং সংক্রান্ত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক ১৯ মে গৃহীত সিদ্ধান্তসমূহ, স্মারক নং (৫৯.০০.০০০০.১৪০.১৬.১০.২৫.৩৩৬) ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি করতে হবে। স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন করতে হবে এবং এর আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে, সুনির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় ইন্টার্ন ডাক্তারদের বেতন ৩০ হাজার, বেসরকারি ট্রেইনি চিকিৎসকগণের বেতন নবম গ্রেডের সমমান এবং বেসরকারি ডাক্তারদের সুনির্দিষ্ট বেতনকাঠামো প্রণয়ন করতে হবে (সদ্য প্রস্তাবিত পে স্কেলের অনুরূপ কাঠামো মেনে), বিসিএস স্বাস্থ্যে চাকরি প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করতে হবে।

এছাড়া বিএমডিসি ২০২৫ অধ্যাদেশের খসড়া আইনে রূপান্তর করে এই আইন অনুযায়ী বিএমডিসি বহির্ভূত সকল অবৈধ ডাক্তার পরিচয় দানকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে, বিসিপিএস এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি পরীক্ষায় ভর্তি ফি ১০০০ টাকার বেশি করা যাবে না।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে শনিবার থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এক্ষেত্রে দেশের অন্যান্য মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অ্যাকাডেমিক শাটডাউনের মতো কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

আইএমই/ডিজে

ksrm