চট্টগ্রাম মেডিকেলের বটতলায় নতুন রূপ, সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ঐতিহ্যবাহী বটতলা এবার পেল নতুন রূপ। রোগী ও স্বজনদের অপেক্ষার সময়ের ক্লান্তি ও মানসিক চাপ কিছুটা কমাতে এবং হাসপাতাল প্রাঙ্গণকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও স্বস্তিদায়ক করতে বটতলার সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে এপিক হেলথ কেয়ার লিমিটেড।

এ উদ্যোগের আওতায় বটতলায় দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর বিভিন্ন অবকাঠামো নির্মাণ এবং পরিবেশ উন্নয়নের কাজ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, হাসপাতালের বিভিন্ন সেবা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের জন্য অপেক্ষার সময়ের পরিবেশ আরও স্বস্তিদায়ক হবে। একই সঙ্গে হাসপাতাল প্রাঙ্গণের সৌন্দর্য ও নান্দনিকতাও বাড়বে।

সম্প্রতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বটতলার সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের উদ্যোগ প্রশংসনীয়। পরিচ্ছন্ন ও সুন্দর চমেক গড়ে তুলতে এর আগেও প্রতিষ্ঠানটি ডাস্টবিন বিতরণসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

এপিক হেলথ কেয়ার লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর টি. এম. হান্নান বলেন, স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসা প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়, পরিচ্ছন্ন, সুন্দর ও মানবিক পরিবেশও সুস্থতার অংশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে অবদান রাখতে পেরে তাঁরা আনন্দিত। পরিচ্ছন্ন ও আধুনিক চমেক গড়ে তুলতে এপিক হেলথ কেয়ারের এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।

অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ার লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, ডিজিএম সৌমেন পালিত, ডিজিএম সুমন রঞ্জন ভৌমিক, ডিজিএম আমিরুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও সেবাবান্ধব করতে এর আগেও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ নিয়েছে এপিক হেলথ কেয়ার লিমিটেড। সেই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এবার হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে এগিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

ksrm