চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি

ভর্তি পরীক্ষার তারিখ আগেই জানিয়ে দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী বছরের ২৯ জানুয়ারি। অনলাইন আবেদন শুরু ১৫ নভেম্বর, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

রোববার (২৩ আগস্ট) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এসএম আকবর হোছাইন এই বিজ্ঞপ্তিতে সই করেন।

সম্ভাব্য সূচি অনুযায়ী—২৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে।৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৩ ফেব্রুয়ারি ‘বি-১’ উপ-ইউনিট, ৪ ফেব্রুয়ারি ‘বি-২’ উপ-ইউনিট, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সর্বশেষ ৮ ফেব্রুয়ারি ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা হবে।

এবারও ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। তবে ‘বি-১’, ‘বি-২’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হবে।

ভর্তি কমিটির সচিব এসএম আকবর হোছাইন জানান, রোববার ভর্তি কমিটির প্রথম বৈঠকে পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এর বাইরে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এএইচ/ডিজে

ksrm