চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থাপিত হচ্ছে ‘কনফুসিয়াস সেন্টার’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চীনের অর্থায়নে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘কনফুসিয়াস সেন্টার’। এর চূড়ান্ত চুক্তি স্বাক্ষর এবং কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে চীন সরকারের আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চীনের অর্থায়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কনফুসিয়াস সেন্টার। চূড়ান্ত চুক্তি স্বাক্ষর এবং কর্মপরিকল্পনা প্রণয়ণের লক্ষ্যে চীন সরকারের আমন্ত্রণে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা করছি আমরা তিনজন।

প্রতিনিধি দলে রয়েছেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার, উপ-উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম।

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার চীনের সহযোগিতায় চূড়ান্ত চুক্তি সম্পাদনের মধ্যদিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘কনফুসিয়াস সেন্টার’ প্রতিষ্ঠার কার্যক্রম বাস্তবায়নের পথ খুলে যাচ্ছে।

কনফুসিয়াস সেন্টার মূলত চীনা ভাষা ও সংস্কৃতি শিক্ষা, শিক্ষার্থী বিনিময়, গবেষণা সহযোগিতা এবং সাংস্কৃতিক কার্যক্রমের প্রসারে কাজ করে থাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রটি প্রতিষ্ঠিত হলে শিক্ষার্থীরা চীনা ভাষা শেখার সুযোগের পাশাপাশি চীনে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বৃত্তি এবং প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়া দুই দেশের শিক্ষা ও সংস্কৃতির আদান-প্রদান আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই কেন্দ্র প্রতিষ্ঠা কেবল ভাষা ও সাংস্কৃতিক শিক্ষা নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক জ্ঞানবিনিময়ের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে শিক্ষা মহলে মনে করা হচ্ছে।

ডিজে

ksrm