চট্টগ্রাম বিমানবন্দরে ভারতীয় নাগরিকের আন্ডারওয়্যারে মিললো ৪২৭ গ্রাম স্বর্ণ

চট্টগ্রাম বিমানবন্দরে শারজাহফেরত এক ভারতীয় নাগরিকের আন্ডারওয়্যারের ভেতরে থেকে বিশেষ পেস্ট আকারে লুকিয়ে রাখা ৪২৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এসব স্বর্ণ তিনি পাচারের চেষ্টা করছিলেন।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এয়ার আরাবিয়ার (ফ্লাইট নম্বর G9-526) একটি ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রামে পৌঁছান ভারতের চেন্নাইয়ের বাসিন্দা তামিম আনসারী।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় বিমানবন্দর কাস্টমস ইন্টেলিজেন্স, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং ডিজিএফআইয়ের সমন্বয়ে গঠিত একটি দল ওই যাত্রীকে তল্লাশি করে।

তল্লাশির সময় তার আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ পেস্টের আকারে লুকিয়ে রাখা ৯টি স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ৪২৭ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৮১ লাখ ৬৬ হাজার ৩৭৫ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি কাপড়ের ব্যবসার সঙ্গে জড়িত এবং শারজাহ-চট্টগ্রাম রুটে নিয়মিত যাতায়াত করেন।

উদ্ধার করা স্বর্ণের চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হবে।

এএইচ/ডিজে

ksrm