চট্টগ্রাম বিমানবন্দরে পাঁচ যাত্রীর কাছ থেকে ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে পাঁচ যাত্রীর কাছে প্রায় ৪৫ লাখ টাকার স্বর্ণ জব্দ করা হয়েছে। তাদের সতর্ক করে ছেড়ে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা স্বর্ণের পরিমাণ ৭০০ গ্রাম।

বুধবার (১২ নভেম্বর) সকালে জেদ্দাফেরত বিমানের যাত্রীদের কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি জানান, সকাল সাড়ে ৯টায় জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৫ এর একটি ফ্লাইটে পাঁচ যাত্রীকে আটকের পর তল্লাশি করা হয়।

যাত্রী জেসমিন আক্তারের কাছে ২০০ গ্রাম, মো. নাসিরের কাছে ২৫০ গ্রাম, মোহাম্মদ মাসুম করিম চৌধুরীর কাছে ৩০০ গ্রাম ও মনোয়ারা বেগমের কাছে ২৫০ গ্রাম ও ইয়াসমিন আক্তারের কাছে ২০০ গ্রামসহ মোট ১২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এর মধ্যে শুল্কমুক্ত ৫০০ গ্রাম যাত্রীদের দেওয়া হয়। অপর ৭০০ গ্রাম ডিএম মূলে জব্দ করা হয়। যার অর্থমূল্য ৪৫ লাখ টাকা।

যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

আইএমই/ডিজে

ksrm