যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব পড়ছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রায় প্রতিদিনই বাতিল হচ্ছে ফ্লাইট৷ এবার সেই তালিকায় নতুন করে যোগ হয়েছে আরও ৮টি ফ্লাইট।
মঙ্গলবার (৭ এপ্রিল) নতুন করে এই ৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে।
বিমানবন্দরের জনসংযোগ শাখার তথ্য অনুযায়ী, তিনটি এয়ারলাইনসের এসব ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে এয়ার অ্যারাবিয়ার চারটি (দুটি আগমন ও দুটি প্রস্থান), ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি এবং সালামএয়ারের দুটি ফ্লাইট রয়েছে।
বিশেষ করে শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে চলাচলকারী ফ্লাইটগুলো এখনো স্বাভাবিক হয়নি। তবে মঙ্গলবার সীমিত আকারে পাঁচটি আগমন ও তিনটি প্রস্থান ফ্লাইট চালু ছিল, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি না হওয়ায় ফ্লাইট শিডিউল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা এখনো ক্ষীণ। এতে এয়ারলাইনসগুলো আর্থিক ক্ষতির মুখে পড়ছে এবং সময়মতো কর্মস্থলে ফিরতে না পেরে বিপাকে পড়ছেন হাজারো প্রবাসী কর্মী।
এর আগে ৪ ও ৫ এপ্রিল দুই দিনে ১৯টি এবং ৩১ মার্চ রাতে ৪টি ফ্লাইট বাতিল করা হয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪১ দিনে মোট ২৭৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে হাজারো যাত্রী ও প্রবাসী কর্মী চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মধ্যে রয়েছেন।
এএইচ/ডিজে




